
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে নিট পোশাক রপ্তানিতে প্রথমবারের মত চীনকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ।
সোমবার (১৮ ডিসেম্বর) ইউরোস্ট্যাটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বৈশ্বিক মন্দার কারণে দীর্ঘদিন ধরে পণ্যের ক্রয়াদেশ কমে যাওয়ার কথা বলে আসছিল বাংলাদেশি পোশাক রপ্তানিকারকরা। গত দুই মাস ধরে রপ্তানি প্রবৃদ্ধিও হয়ে যাচ্ছিল নেতিবাচক। এই অবস্থায় পোশাক রপ্তানির সূচকে এই ইতিবাচক খবর এলো।
এ সংক্রান্ত এক বিবৃতিতে বিজিএমএই সভাপতি ফারুক হাসান বলেন, ভলিউম বিবেচনায় ২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানিতে চীনকে প্রথমবারের মতো পেছনে ফেলেছিল বাংলাদেশ। নিট পোশাকের এই অর্জন সেই রেকর্ডকে স্মরণ করিয়ে দিচ্ছে।