
সিরাজগঞ্জ প্রতিনিধি:
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে নিত্যপণ্যের বাজারে পণ্যের মূল্য, সরবরাহ পরিস্থিতি ও ব্যবসায়িক কার্যক্রম তদারকিতে সিরাজগঞ্জে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার এসএস রোড, বড় বাজার, বানিয়াপট্টি ও খলিফাপট্টিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিদেশি শিশু খাদ্যে আমদানি-সংক্রান্ত তথ্য না থাকা, নিত্যপণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর প্রাসঙ্গিক বিধান অনুযায়ী মেসার্স আলাউদ্দিন স্টোরের মালিক/ম্যানেজার মো. মাসুমকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এ ব্যবসায়ীদের পণ্যের মূল্য ও বিক্রয়সংক্রান্ত তথ্য যথাযথভাবে প্রদর্শন এবং ভোক্তাকে প্রতিশ্রুত পণ্য বা সেবা প্রদানের বিষয়ে আইনগত বাধ্যবাধকতা রয়েছে। ফলে বাজারে মূল্য তালিকা প্রদর্শন, পণ্যের তথ্য এবং বিক্রয় কার্যক্রম তদারকি ভোক্তার স্বার্থ সংরক্ষণের গুরুত্বপূর্ণ অংশ।
অভিযানকালে বিভিন্ন বাজারে ডিম, ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে বাজারে পণ্যের প্রকৃত মূল্য, সরবরাহ ও বিক্রয়ব্যবস্থা পর্যবেক্ষণের মাধ্যমে অনিয়ম চিহ্নিত ও প্রতিরোধে এ ধরনের বাজার তদারকি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এতে একদিকে ব্যবসায়ীদের আইন মেনে পণ্য বিক্রয়ে সচেতনতা বাড়বে, অন্যদিকে সাধারণ ক্রেতারা পণ্যের মূল্য ও তথ্য সম্পর্কে আরও সচেতন হয়ে ন্যায্য দামে পণ্য কেনার সুযোগ পাবেন—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
অভিযানে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।