
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুমিত। এ সময় তিনি ব্রেস্টফিডিং কর্নারের উদ্বোধন করেন এবং অসংক্রামক রোগের চিকিৎসাসেবা কার্যক্রমের খোঁজখবর নেন। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের নিয়মিত ওষুধ সরবরাহ এবং ফলোআপ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শুক্রবার সকালে তিনি শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অসংক্রামক রোগের চিকিৎসাকেন্দ্র (এনসিডি কর্নার) পরিদর্শন করেন। এ সময় ডিজিটাল বিপি মেশিনে নিজের রক্তচাপ পরিমাপ করেন এবং ওষুধের পর্যাপ্ততা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চান।
প্রতিমন্ত্রী বলেন, অসংক্রামক রোগে মৃত্যুহার কমাতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা জরুরি। এ জন্য এনসিডি কর্নারে সারা বছর ওষুধের সরবরাহ নিশ্চিত করতে হবে এবং রোগীদের নিয়মিত ফলোআপের আওতায় রাখতে হবে।
তিনি আরও বলেন, দেশের কোনো হাসপাতালেই আর ওষুধের অভাব হবে না। বর্তমান সরকার স্বাস্থ্য খাতে সব ধরনের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে। আশা করি, এ হাসপাতালেও ভবিষ্যতে ওষুধের সংকট থাকবে না, ইনশাআল্লাহ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত ৫ হাজার ১৮২ জন রোগী ডিজিটাল নিবন্ধনের মাধ্যমে প্রতি মাসে সেবা নিয়ে থাকেন। তবে নিয়মিত ওষুধের সরবরাহ না থাকায় রোগীদের ফলোআপ সেবা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা উপস্থিত ছিলেন।