1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

বেলকুচিতে শিশু সন্তানসহ পৌর মেয়রকে মারধর, এমপির এপিএসসহ ৬০জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৪৫৮ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের ব্যক্তিগত সহকারী (এপিএস) সেলিম সরকারের নেতৃত্বে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা ও তাঁর ৩ বছর বয়সী শিশু সন্তানের ওপরে হামলা ও মারধরের ঘটনায় ৬০জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বাদী হয়ে শুক্রবার সকালে মামলাটি দায়ের করেন বলে বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান।

স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের ব্যক্তিগত সহকারী (এপিএস) সেলিম সরকারকে প্রধান আসামী করে দায়ের করা মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলীসহ ১৯জনের নাম উল্লেখ ও ৩০/৪০জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে এ হামলার ঘটনা ঘটে। হামলায় পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা ও তাঁর ৩ বছর বয়সী শিশু সন্তান ফারিয়া হক অস্বিত্ত, স্থানীয় সাংবাদিক আবু মুসা, মেয়রকে বহনকারী মোটরসাইকেলের চালক সাব্বির সরকার ও সহকর্মী নাবিল মন্ডল আহত হন।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার গাড়ামাসি গ্রামের মৃত আব্দুল মতিন প্রামানিকের ছেলে শাকিল প্রামানিক (২৪), একই গ্রামের আব্দুল মজিদ প্রামানিকের ছেলে জোবায়ের হোসেন (১৯) ও শেরনগর গ্রামের আব্দুল হাই সেখের ছেলে জাফর সেখ (২৫)।

ওসি আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে মেয়রের ওপরে হামলার ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৫ জনকে আটক করা হয়েছিল। এদের মধ্যে দুইজন শিশু হওয়ায় প্রফেশনের মাধ্যমে তাদের স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি তিনজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

এ প্রসঙ্গে বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা জানান, বৃহস্পতিবার বেলকুচি আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে রাজশাহী থেকে অডিট টিম এসেছিল। ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার সুবাদে তিনিও সেখানে গিয়েছিলেন। দুপুর ২টার দিকে সেখান থেকে ফেরার পথে স্কুল গেটের আগেই এমপির এপিএস সেলিম সরকার দেশীয় পিস্তল ঠেকিয়ে তাঁর গতিরোধ করে। এসময় এপিএসের সাথে থাকা ৫০/৬০জন দেশীয় অস্ত্র দিয়ে মেয়র ও তার শিশু সন্তান ফারিয়া হক অস্বিত্তকে মারধর করতে থাকে। ঠেকাতে গেলে মোটরসাইকেলের চালক সাব্বির সরকার ও সহকর্মী নাবিল মন্ডল এবং ছবি তুলতে গেলে স্থানীয় সাংবাদিক আবু মুসাকেও মারধর করা হয়।

মেয়র আরো বলেন, হামলাকারীরা আমার শিশু সন্তানকে লাঠি দিয়ে আঘাত করায় তার কপাল কেটে গেছে ও হাতে আঘাত পেয়েছে। তাকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্ত ভয়ে সে বার বার চিৎকার করছে।

এ প্রসঙ্গে এমপির এপিএস সেলিম সরকারের দাবী স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অভিযোগ ওঠায় রাজশাহী থেকে আসা টিমের কাছে শিক্ষার্থীদের অভিভাবকরা লিখিতভাবে মতামত দেন। যা মেয়রের বিরুদ্ধে যাওয়ায় অভিভাবক এবং মেয়র ও তার লোকজনের সাথে তর্কাতর্কি ও হাতাহাতি ঘটনা ঘটেছে। ওই সব ঘটনার সাথে আমি বা আমার কোন লোকজন জড়িত নই।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park