
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুর থানার গোপরেখী এলাকায় ছুরিকাঘাতে আশরাফ আলী (৫৮) নামে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাতে স্থানীয় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় হামলার শিকার হয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আশরাফ আলী দৌলতপুর ইউনিয়নের গোপরেখী ধরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী ব্যাপারীর ছেলে। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন কমিটির দপ্তর সম্পাদক ছিলেন বলে তাঁর পরিবার জানিয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে গোপরেখী ফুটানি মার্কেটের ইয়ামিনের চায়ের দোকানে পান খেতে যান আশরাফ আলী। এ সময় ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে করে আসা একদল ব্যক্তি তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে মারধরের পাশাপাশি পাঁজরে ছুরিকাঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তাঁর মৃত্যু হয়।
বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে স্বজনের অভিযোগ
এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. রেজাউল করিম অভিযোগ করে বলেন, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রহিচ উদ্দিন ব্যাপারী, এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার, আলামিন শিকদার ও হজরত আলীর নেতৃত্বে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাঁর ভাইয়ের ওপর হামলা চালান। তাঁকে মারধর ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। মৃত্যুর আগে তাঁর ভাই কয়েকজনের নাম বলে গেছেন বলেও দাবি করেন রেজাউল করিম। এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
তবে নিহতের পরিবারের আনা এসব অভিযোগ এখনো স্বাধীনভাবে যাচাই বা তদন্তে প্রমাণিত হয়নি। যাঁদের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত বক্তব্য বা দায় নির্ধারণের তথ্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রহিচ উদ্দিন ব্যাপারী ও এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে হত্যাকাণ্ডের পর থেকে গোপরেখীসহ আশপাশের এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে।