
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে গবেষণায় অনুপ্রেরণা ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের হলরুমে বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সেল অ্যান্ড জিন ক্লাবের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল বক্তা ছিলেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক এবং বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় জীবপ্রযুক্তি ইনস্টিটিউটের বায়োইনফরমেটিকস বিভাগের প্রধান মোহাম্মদ উজ্জ্বল হোসেন। তিনি গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের প্রস্তুতি, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও আবেদনপ্রক্রিয়া নিয়ে দিকনির্দেশনা দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও উপদেষ্টা অধ্যাপক ড. হোসেন রেজা এবং অধ্যাপক ড. রণজিৎ কুমার সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান ড. মো. তরিকুল ইসলাম।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে এবং উচ্চশিক্ষার লক্ষ্য নির্ধারণে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক দিকনির্দেশনা পেলে শিক্ষার্থীরা নিজেদের লক্ষ্য অর্জনে আরও উৎসাহিত হবে।
সেমিনারে বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বিভাগের শিক্ষক ও সেল অ্যান্ড জিন ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।