
সংবাদ সম্মেলনে প্যানেল চেয়ারম্যানের অভিযোগ, ১০ হাজার টাকা দেওয়ার দাবিও
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে সাংবাদিক পরিচয়দানকারী রেজাউল নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ তুলেছেন বড়ধূল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আয়নাল প্রামাণিক। এ অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বড়ধূল ইউনিয়ন পরিষদের সদস্যদের আয়োজনে বেলকুচি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্যানেল চেয়ারম্যান আয়নাল প্রামাণিক।
লিখিত বক্তব্যে আয়নাল প্রামাণিক অভিযোগ করেন, গত রোববার বড়ধূল ইউনিয়ন পরিষদের আওতায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত জিআর (জেনারেল রিলিফ) চাল দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছিল। এ সময় ৮-১০ জন ব্যক্তি সাংবাদিকদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম নিয়ে সেখানে উপস্থিত হন।
তার অভিযোগ, তাদের মধ্যে রেজাউল নামে একজন তার কাছে এসে একজনকে চালের ‘ডাবল স্লিপ’ দেওয়ার অভিযোগ তোলেন। এরপর ওই ব্যক্তি তার কাছে ৩০ হাজার টাকা দাবি করেন এবং টাকা না দিলে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে হেয় করার হুমকি দেন বলে অভিযোগ করেন আয়নাল প্রামাণিক।
প্যানেল চেয়ারম্যানের দাবি, তিনি বিষয়টি অস্বীকার করে জানান, সরকারি নিয়োগপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তার উপস্থিতিতে চাল বিতরণ করা হচ্ছে এবং তিনি কোনো অনিয়মের সঙ্গে জড়িত নন। এরপরও রেজাউল টাকা দাবি করতে থাকেন বলে অভিযোগ করেন তিনি।
একপর্যায়ে সামাজিক অবস্থানের কথা বিবেচনা করে মানুষের কাছ থেকে ধার করে রেজাউল ও তার সহযোগী সারোয়ারকে ১০ হাজার টাকা দেওয়ার দাবি করেন আয়নাল প্রামাণিক। টাকা নেওয়ার পর তারা ঘটনাস্থল ত্যাগ করেন বলেও তিনি অভিযোগ করেন।
আয়নাল প্রামাণিক আরও অভিযোগ করেন, পরবর্তীতে তিনি জানতে পারেন—তার কাছ থেকে টাকা নেওয়ার পরও রেজাউল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন। বিষয়টি জানতে পেরে তিনি রেজাউলকে ফোন করলে দাবিকৃত টাকা দিলে এমনটি করা হতো না বলে ওই ব্যক্তি মন্তব্য করেন—এমন দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আয়নাল প্রামাণিক অভিযোগটির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি বিএনপির নাম ব্যবহার করে কেউ যাতে চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ড করতে না পারে, সে বিষয়ে দলীয় নেতৃবৃন্দ, সংসদ সদস্য ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে বড়ধূল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবুতাহের লাবলু, বিএনপি নেতা মফিজ উদ্দিন, জেলহক, শাহান তালুকদার, সুমন শেখসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত রেজাউলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রতিবেদনে সংযুক্ত করা হবে।