
প্যানেল চেয়ারম্যান এর বিরুদ্ধে মামলার প্রস্তুতি, গোডাউন সিলগালা
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের জন্য বরাদ্দ ৬০০ বস্তা সরকারি চালের মধ্যে গোডাউনে পাওয়া গেছে ৫২০ বস্তা। বাকি ৮০ বস্তা চাল কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উদ্ধার হওয়া চালগুলো সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে চৌহালীর সাত ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের জন্য ৫৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে বাঘুটিয়া ইউনিয়নের জন্য বরাদ্দ ছিল ১৮ মেট্রিক টন বা ৬০০ বস্তা। এসব চাল ৩০ কেজি করে উপকারভোগীদের মধ্যে বিতরণের কথা ছিল।
বরাদ্দের চাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সাইদুর রহমানের কাছে হস্তান্তর করা হয়। পরে ৮০ বস্তা চাল কালোবাজারে বিক্রির অভিযোগ ওঠে।
এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘুটিয়া ইউনিয়নের সংশ্লিষ্ট গোডাউনে অভিযান চালান চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান শাকিল। অভিযানে বরাদ্দের ৬০০ বস্তার পরিবর্তে ৫২০ বস্তা চাল পাওয়া যায়। পরে উদ্ধার হওয়া চালগুলো গোডাউনে সিলগালা করে দেয় উপজেলা প্রশাসন।
ইউএনও মো. মেহেদী হাসান শাকিল বলেন, ‘আমরা ৬০০ বস্তা চাল না পেয়ে ৫২০ বস্তা চাল পেয়েছি। প্যানেল চেয়ারম্যান মো. সাইদুর রহমানকে বুধবার ডাকা হয়েছিল। তবে তিনি আসেননি। তিনি পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
অভিযোগের বিষয়ে প্যানেল চেয়ারম্যান মো. সাইদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।