
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দলের সাবেক নায়েবে আমীর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ৩য় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টায় বেলকুচি উপজেলা দলীয় কার্যালয়ে বেলকুচি পৌরসভা জামায়াত এ কর্মসূচির আয়োজন করে।
পৌরসভা আমীর মাওলানা গোলাম সারোয়ার–এর সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. সেরাজুল ইসলাম–এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল ইসলাম সোহেল বলেন, “আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আজীবন কুরআন-সুন্নাহর আলোকে মানুষকে নৈতিক ও আদর্শিক জীবন গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁর তাফসিরের মাধ্যমে দেশ-বিদেশের অসংখ্য মানুষ ইসলামের শিক্ষা ও কুরআনের মর্মবাণীর সঙ্গে পরিচিত হয়েছে। কুরআনভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে দাওয়াত তিনি দিয়ে গেছেন, তা আগামী প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, আল্লামা সাঈদীর ইলম, দাওয়াতি কাজ ও ত্যাগ মুসলিম উম্মাহ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং তাঁর আদর্শ ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা আবুল হাসেম সরকার। এছাড়াও বক্তব্য দেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, সাবেক ছাত্রনেতা রাকিবুল হাসান শামীম, পৌর নায়েবে আমীর মাওলানা আবুল হাসান আজাদী, সহকারী সেক্রেটারি আব্দুল মোমিন, কর্মপরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম ও মাওলানা বাহাউদ্দীন মোল্লা, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ নূরুল ইসলাম, মাওলানা আব্দুল কাদের সিরাজী এবং বেলকুচি উপজেলা শিবির সভাপতি আরিয়ান ইসমাইল।
আলোচনা সভা শেষে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।