
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ সংবাদ:
অবশেষে শেষ হলো দীর্ঘ এক মাসের উৎকণ্ঠা। সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনি ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া দুই শিশুর একজনকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে অপর শিশু নিজ বাড়িতে ফিরে এসে গুরুত্বপূর্ণ তথ্য দিলে সেই সূত্র ধরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় অন্য শিশুকে। এতে স্বস্তি ফিরেছে দুই পরিবারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ জুন খুকনি ইউনিয়নের রহমতখোলা গ্রামের মো. আব্দুল্লাহ (১০) এবং আটারদাগ গ্রামের আফসার হোসেন (১২) দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা ১৩ জুন এনায়েতপুর থানায় অভিযোগ করেন। পরে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে।
তদন্তের শুরুতে দায়িত্ব পালন করেন এসআই রিয়াজুল ইসলাম। পরবর্তীতে বদলিজনিত কারণে তদন্তের দায়িত্ব নেন এসআই ফরিদ উদ্দিন। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন সূত্র ব্যবহার করে শিশুদের সন্ধানে নিরলসভাবে কাজ চালিয়ে যায় পুলিশ।
এরই মধ্যে ৮ জুলাই আফসার নিজ বাড়িতে ফিরে এসে জানায়, তারা দুজন স্বেচ্ছায় ট্রেনে ঢাকায় হয়ে সিলেটে যায় এবং সেখানে রেলস্টেশনসংলগ্ন একটি হোটেলে কাজ নেয়। পরে আফসার বাড়ি ফিরে এলেও আব্দুল্লাহ সিলেটেই থেকে যায়।
আফসারের দেওয়া তথ্যের ভিত্তিতে ৯ জুলাই এসআই ফরিদ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সিলেটে অভিযান পরিচালনা করে। টানা অনুসন্ধানের পর ১১ জুলাই রাতে আব্দুল্লাহকে উদ্ধার করে নিরাপদে এনায়েতপুর থানায় নিয়ে আসা হয়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, “নিখোঁজ শিশুদের উদ্ধারে পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। একজন শিশুর দেওয়া তথ্যের সূত্র ধরেই অপর শিশুকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে।”
এক মাসেরও বেশি সময় ধরে সন্তানের অপেক্ষায় প্রহর গোনা দুই পরিবারের জন্য এই উদ্ধার অভিযানের সফল সমাপ্তি যেন ফিরে পাওয়ার আনন্দে ভরিয়ে দিয়েছে পুরো এলাকাকে।