1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

তীব্র শীত থাকবে কয়েকদিন, বৃষ্টির পূর্বাভাস

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ২৯৮ বার পঠিত

দেশের চলমান ঠান্ডা পরিস্থিতি আরও কয়েকদিন বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাছাড়া আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির আভাসও রয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ ছাড়াও ১৫ থেকে ১৭ জানুয়ারির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

এই সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের অনেক জায়গায় দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। এই সময়ের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রোববার আবহাওয়ার পরিস্থিতিতে বলা হয়েছে, রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামীকাল সোমবার (১৫ জানুয়ারি) ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪৪ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে।

রোববার দেশে সর্বনিন্ম তাপমাত্রা ছিল দিনাজপুরে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ ছিল টেকনাফে ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park