
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন খুকনী ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মিনি ফুটবল ফাইনাল টুর্নামেন্ট। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজক ও অতিথিরা। সোমবার (৩১ আগষ্ট) বিকালে খুকনী ইউনিয়নের রূপসী পশ্চিমপাড়া যুব সংঘের আয়োজনে রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা যুবদলের সংগ্রামী সদস্য সচিব এবং আগামী নির্বাচনে খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইদুল ইসলাম রাজ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুকনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাপ হোসেন এবং খুকনী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আবুল কালাম। এছাড়াও অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, স্নেহভাজন ও শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাইদুল ইসলাম রাজ বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোর ও তরুণদের একটি বড় অংশ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বিভিন্ন অনলাইনের মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করছে। পাশাপাশি মাদকাসক্তির মতো ভয়াবহ প্রবণতাও সমাজের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “আমাদের সন্তানদের অ্যান্ড্রয়েড ফোনের আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়াতে হবে। নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর পরিবেশে গড়ে তুলতে হবে। তারা যদি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে মনোযোগী হয়, তাহলে একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে মনে করেন।” তিনি আরও বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, বরং শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বের গুণাবলি ও সৌহার্দ্যবোধ তৈরি করে। তাই প্রতিটি এলাকায় নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে জমজমাট ফাইনাল খেলা উপভোগ করেন উপস্থিত অতিথি, খেলোয়াড়, দর্শক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। টুর্নামেন্টকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।