শরীফুল ইসলাম ইন্না:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপির পাঁচ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।
আজ রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
বিএনপির বহিস্কৃত নেতারা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, এনায়েতপুর থানা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম মাষ্টার, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সভাপতি বাবুল সরকার, সদস্য ইউনুছ শিকদার।
জেলা বিএনপি সুত্রে জানা যায়, বহিস্কৃত বিএনপির নেতারা সিরাজগ-৫ (বেলকুচি-চৌহালী) স্বতন্ত্র প্রার্থী মেজর (অব) আব্দুল্লাহ আল মামুনের পক্ষে নির্বাচনী প্রচরণায় অংশ নিয়েছিলেন এমন অভিযোগ করা হয় বিএনপির কেন্দ্রীয় কমিটিতে। একারণে তাদের বহিষ্কার করা হয়েছে।
তবে এই অভিযোগ অস্বীকার করে বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক আমীরুল ইসলাম আলীম ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের বহিষ্কার করেছে। গত শুক্রবার আমার নেতৃত্বে বেলকুচিতে লিফলেট বিতরণ করা হয়। বরং আলীমকে ২৮ অক্টোবরের পর থেকে কোথাও খুজে পাওয়া যায়নি। তিনি আত্নগোপনে রয়েছেন। তিনি এই এলাকায় বিএনপিকে ধংসের পায়তারা করছেন। দলের কোন নেতাকর্মী তার সঙ্গে নাই। যারা আন্দোলনে মাঠে রয়েছে তাদের বহিষ্কার করতে আলীম উঠেপড়ে লেগেছে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, বিএনপির পাঁচ নেতাকে বহিষ্কার করার বিষয় ফেসবুকে প্রেসরিলিসের মাধ্যমে অবগত হয়েছি।