সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক:
সিরাজগঞ্জ জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামির শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সমর্থিত দুই প্রার্থী বিজয়ী হওয়ায় তাদের সংবর্ধনা দিয়েছে সংগঠনটি। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে শ্রমজীবী মানুষের অধিকার ও কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নেতারা।
শুক্রবার (২১ আগস্ট) শহরের ভিক্টোরিয়া হাই স্কুলে অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মো. মোকারম হোসেন পারভেজ এবং সড়ক সম্পাদক পদে মো. সুজন হোসেন বিপুল ভোটে নির্বাচিত হন।
শনিবার সকালে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা আমির মাওলানা শাহিনুর আলম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, সাবেক আমির মাওলানা আব্দুস সালাম, জেলা সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অ্যাডভোকেট ছাইদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মাওলানা সোলাইমান হোসেনসহ জেলা জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এই বিজয় শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণ প্রতিষ্ঠার সংগ্রামে নতুন দায়িত্ব ও প্রত্যয়ের সূচনা। তারা নবনির্বাচিত নেতাদের সততা, জবাবদিহিতা ও শ্রমিকদের সেবায় নিবেদিত থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।