সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার সজোরে ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও এক যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) ভোরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামের গুতু রাজবংশীর ছেলে ঠাকুর হালদার (৭০) এবং কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে সিএনজিচালক আশিক (৩৫)।
এ ঘটনায় আহত হয়েছেন ঠাকুর হালদারের ছেলে বিষ্ণু হালদার। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মাছ ধরার জন্য জাল নিয়ে বাড়ি থেকে বের হন ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণু হালদার। পরে তারা কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন।
পথে শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশাচালক আশিক ও যাত্রী ঠাকুর হালদারের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত বিষ্ণু হালদারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে নিহতদের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ বাড়িতে নিয়ে যান।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে বাড়ি চলে যান। আহত বিষ্ণু হালদার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।