
শরীফুল ইসলাম ইন্না
১০ বেডের হাসপাতালকে ১৭ বেডে রুপান্তরিত করায়, সর্বক্ষণিক ডাক্তার না থাকা, পরীক্ষা চার্টের সাথে ভাউচারের মিল না থাকা ও ভোক্তার সাথে প্রতারণার করার অভিযোগে সিরাজগঞ্জে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরাগ সাহা ।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় এতথ্য নিশ্চিত করে বলেন, মানুষ যাতে সঠিক স্বাস্থ্য সেবা পায় এটি নিশ্চিত করার দায়িত্ব আমাদের। আমরা সে লক্ষে কাজ করছি। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে যৌথ অভিযানে মাঠে নেমেছি। আজ ৩টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে শহরের মুজিব সড়ক এলাকায় ১০ বেডের হাসপাতালকে ১৭ বেডে রুপান্তরিত করায়, সর্বক্ষণিক ডাক্তার না থাকা, পরীক্ষা চার্টের সাথে ভাউচারের মিল না থাকা ও ভোক্তার সাথে প্রতারণার করার অভিযোগে সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ভোক্তার সাথে প্রতারণা, সার্টিফিকেটে মেয়াদ না থাকায় শহরের ই.বি রোডে অবস্থিত সিরাজগঞ্জ পলি ক্লিনিক এন্ড নিউ শমরিতা ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা, বিভিন্ন পরিক্ষার চার্ট না লাগানো, চার্টের সাথে ভাউচারের মিল না থাকায় ফজলুল হক রোডে অবস্থিত মর্ডান ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা.আ.ফ.ম ওবায়দুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরাগ সাহা, পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ।