সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চয়ন ইসলামকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
শুক্রবার (২২ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটি কর্মকর্তা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের (শাহজাদপুর) বিচারক মামুন-অর-রশিদ তাকে শোকজ করেন। যুগ্ম জেলা দায়রা জজ আদালতের (শাহজাদপুর) বেঞ্চ সহকারী জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চয়ন ইসলামকে সশরীরে কিংবা তার প্রতিনিধির মাধ্যমে রোববার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার মধ্যে অনুসন্ধান কমিটির নিকট হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শোকজ নোটিশে চয়নের বিরুদ্ধে গণ প্রতিনিধিত্ব আদেশ ১৯৭২, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ অধীন আইনের বিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
নোটিশে বলা হয়, ‘চয়ন ইসলাম সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। আপনার পক্ষে নজরুল ইসলাম বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় শাহজাদপুর পৌরসভার দ্বারিয়াপুর রাসেল স্মৃতি সংঘ নির্বাচনী ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরুকে তিক্ত, উস্কানিমূলক এবং মানহানিকর দ্বারিয়াপুরে প্রতিহত করার জন্য কর্মী সমর্থকদের নির্দেশনা দেয় এবং ভোটের দিন ঈগল মার্কার পোলিং এজেন্টদের কেন্দ্রে উপস্থিত থাকতে না দেয়ার হুমকি দেয়।
যা সামাজিক মাধ্যমে সম্প্রচার হয়। এরপর স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু নির্বাচনী তদন্ত কমিটির কাছে লিখিত অভিযোগ করেন। এতে সংসদ নির্বাচনী রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-র ৮(খ) ও ১২ ধারার বিধান লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়েছে।
শোকজ নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে চয়ন ইসলাম বলেন, নোটিশটি হাতে পেয়েছি। নির্ধারিত সময়ে লিখিত ব্যাখ্যা দেওয়া হবে।