মির্জা হুমায়ুন, শাহজাদপুর থেকেঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর দৈনিক সমকালের প্রতিনিধি, শাহজাদপুর প্রেস ক্লাবের সদস্য, সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার বিচার কৌশলগতভাবে বিলম্বিত না করে দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে জোর দাবি করেছেন তার স্ত্রী-ছেলেমেয়ে ও সহকর্মীরা।
৩ ফেব্রয়ারি সাংবাদিক শিমুল হত্যার সপ্তম হত্যা দিবস পালন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাব আয়োজিত স্মরণ সভায় এ দাবি জানান তারা। শাহজাদপুর প্রেসক্লাব হলরুমে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৬৭,সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনের জাতীয় সংবাদ সংসদ সদস্য চয়ন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু,সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের স্ত্রী বেগম নুরুন্নাহার খাতুন, মামা হাজী আব্দুল মজিদ, ছেলে আল নোমান নাজ্জাশি সাদিক, তামান্না-ই-ফাতেমা।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ। সমকাল জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা, শাহজাদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কাশেম, নিউ এজ এর প্রতিনিধি সুলতানা ইয়াসমিন মিলি, সাংবাদিক শফিউল হাসান চৌধুরী, মুমিদুজ্জামান জাহান, সাগর বসাক, জহুরুল ইসলাম, মোঃ নয়ন আলী,আমিরুল ইসলাম, ফারুক হাসান কাহার, মনিরুল গনি শুভ্র, ওমর ফারুক, মিলন মাহফুজ, রাসেল সরকার, সমকাল প্রতিনিধি কোরবান আলী লাভলু, সাংবাদিক মির্জা হুমায়ুন প্রমুখ।
এমপি চয়ন ইসলাম বলেন, ‘সাত বছর আগে প্রকাশ্যে দিবালোকে একজন সাংবাদিককে খুন করা হলো, অথচ তার বিচার এখনও হয়নি। শিমুল আমাদের ছেলে, তার বিচার ইনশাল্লাহ এ সরকারের আমলে অবশ্যই হতে হবে। নিহতের পরিবারের সদস্যদের নিকট অনুরোধ মামলার নথিপত্র আমার কাছে হস্তান্তর করার জন্য। এখন থেকে বাদির আর দায়িত্ব নেই। বিচার পরিচালনার সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ‘শিমুলের স্ত্রী-সন্তান ও স্বজনেরা তাদের জীবত দশায় বিচার দেখে যেতে পারেন, সে চেষ্টা আমি করবো।’সাংবাদিকদের উদ্দ্যেশে এমপি চয়ন ইসলাম আরো বলেন, ‘শিমুল হত্যার বিচার প্রক্রিয়া তড়ান্বিত করতে শাহজাদপুরের সকল গণমাধ্যমকর্মীদের একজোট হতে হবে। আপনারা একজোট না হলে খুনিরা সহজেই পার পেয়ে যাবে। বার বার সাংবাদিকদের ওপর হামলা চালাবে খুনিরা। আপনারা একজোট হলে কোন শক্তিই শিমুলের বিচার প্রক্রিয়া বিলম্বিত করার সাহস পাবেনা।’এর আগে প্রেসক্লাব চত্ত্বরে শিমুলের প্রতিকৃতিত্বে পুস্পস্তবক অর্পন করেন এমপি চয়ন ইসলাম, শিমুলের স্ত্রী-সন্তানসহ সহকর্মীরা। সমকাল পরিবারের পক্ষ্য থেকে ফুলের তোরা প্রদান করা হয়। এরপর বিচারের দাবিতে গণমাধ্যমকর্মীরা পৌর শহরে শোক র্যালী করেন। এর আগে শুক্রবার বাদ জুম্মা শিমুলের গ্রামের বাড়ি পোতাজিয়া ইউনিয়ের মাদলা গ্রামে দোয়া মহাফিলের আয়োজন করেন তার স্বজনেরা।
প্রসঙ্গত: ২০১৭ সালের ২ ফেব্রয়ারি শাহজাদপুরে আওয়ামী লীগ এর মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে, ওই সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হন। শিমুলকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরবর্তীতে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে ঢাকা নেবার পথে সাংবাদিক শিমুল নহত হন।