নিজস্ব প্রতিবেদকঃ
আজ শুক্রবার (২ফেব্রুয়ারি) গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে দুপুর দেড়টায় বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে অংশগ্রহণ করতে ময়দানের চারপাশ থেকে লাখ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন।
বাস, ট্রেন, লঞ্চ, ট্রাক, রিকশা, অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িযোগে টঙ্গীমুখী জনস্রোত ছিল বাঁধভাঙা। সবার লক্ষ্য ইজতেমা ময়দানে জুমার নামাজে অংশগ্রহণ করা।
জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের আহমেদ।
সরেজমিন দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-আশুলিয়া, ঢাকা-কালীগঞ্জসহ চারপাশের সড়ক-মহাসড়কে প্রচুর ভিড়। মুসল্লিদের টঙ্গীমুখী যাত্রার কারণে রাস্তায় যানবাহন কমে যাওয়ায় মানুষ পায়ে হেঁটে ময়দানে এসেছেন। ইতোমধ্যে যারা ইজতেমা ময়দানে জামায়াত নিয়ে এসেছেন, তাদের ছাড়াও অনেক মানুষ শুধু জুমার নামাজ আদায় করতে ইজতেমা মাঠে এসেছেন। জুমার নামাজের পর ভিড় কিছুটা কমবে বলে আশা করছেন মুসল্লিরা।
বিশ্ব ইজতেমায় আসা গাজীপুরের মো:মনিরুল ইসলাম বলেন, জুমার নামাজ পড়তে এসেছি। জুমার পর চলে যাব। আখেরি মোনাজাতে আবার আসব।
সিরাজগঞ্জ থেকে আসা মুসল্লি আমিরুল ইসলাম বলেন, আজ সকালে আসলাম। জুমার নামাজ পড়ে আর যাব না। আখেরি মোনাজাত করে বাড়ি যাব।