
বেলকুচি প্রতিনিধি
বেলকুচি-এনায়েতপুর থেকে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন 'বুননে'র পক্ষ থেকে এই নবীন বরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুনন সভাপতি মো: আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব রাষ্ট্রদূত শহিদুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো: মেহেদী হাসান তালুকদার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী সাইদুর রহমান, বেলকুচি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: মোস্তাফিজুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হুমায়ুন কবির, সাব-রেজিস্টার আসিফ নেওয়াজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. আলী আফতাব উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেলকুচির অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছে। কিন্তু শিক্ষা ও সাংস্কৃতিক সমৃদ্ধি ঘটেনি। আমাদের প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থীরা বেলকুচি-এনায়েতপুর নাম সমুজ্জ্বল করবে। আগামীতে বেলকুচি-এনায়েতপুরে সুস্থ ধারার সংস্কৃতি চর্চা ও শিক্ষা বিস্তারে কাজ করবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তরুণ শিক্ষার্থীদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তারা। সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।