জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বেলকুচি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করা হয়।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় সম্ভাব্য মশার প্রজননস্থল পরিষ্কার করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আফরিন জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরিন, বেলকুচি থানার অফিসার ইনচার্জ মুক্তারুজ্জামান, পৌরসভার সহকারী প্রকৌশলী নাসরিন সুলতানা, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বিডি ক্লিনের সিরাজগঞ্জ জেলা সহ-সমন্বয়ক মমতাজুল রহমান মুন্নাসহ সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী আগামী তিন মাস বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় কর্মসূচির উদ্বোধনকালে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়।