জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ হওয়ার পর প্রথমে স্বামী আব্দুল মালেক শেখ (৬৫) এবং চারদিন পর স্ত্রী জাহানারা খাতুন (৪৮) মারা যান।
শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জাহানারা খাতুনের মৃত্যু হয়। এর আগে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় স্বামী আব্দুল মালেক শেখের মৃত্যু হয়েছিল।
নিহত আব্দুল মালেক শেখ (৬৫) পেশায় একজন শ্রমিক ছিলেন এবং তার স্ত্রী জাহানারা খাতুন গৃহিণী। তারা স্ব পরিবারে বেলকুচি পৌর এলাকার চালা আদালত পাড়া ভাড়া বাসায় বসবাস করতেন।
জানা গেছে, নিহত এই দম্পতি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নলীন বাজার এলাকায় আদি নিবাস। তারা প্রায় ৫০ বছর আগে নদীভাঙনের কবলে পড়ে জীবিকার তাগিদে বেলকুচিতে চলে আসেন এবং দীর্ঘ পাঁচ দশক ধরে এখানে ভাড়া বাসায় বসবাস করছিলেন। মৃত্যুকালে তারা দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। স্বামী-স্ত্রীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবার, স্বজন এবং স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দম্পত্তির পুত্রবধু ঝর্ণা খাতুন বলেন, গত ৩১ জুলাই রাত আনুমানিক ১২টার দিকে রান্নাঘর থেকে গ্যাসের শব্দ ও গন্ধ পেয়ে আব্দুল মালেক শেখ সেখানে যান। রান্নাঘরে গ্যাসের গন্ধ থাকা অবস্থাতেই তিনি চুলার সুইচ অন করলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনি এবং তার স্ত্রী জাহানারা খাতুন গুরুতরভাবে দগ্ধ হন।
এদিকে দুর্ঘটনার পরপরই স্বজনরা তাদের উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।