
শরীফুল ইসলাম ইন্না:
বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে চৈতন্য চন্দ্র ওরফে চৈত্য মাহাতো (৬০) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
আজ রোববার বিকেলে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই কারাদন্ডের আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত চৈতন্য চন্দ্র ওরফে চৈত্য মাহাতো সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা সোনাকান্দর গ্রামের মৃত বিশ^নাথ মাহাতোর ছেলে।
নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর পেশকার মোক্তার হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ধর্ষনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী শিশু (১৪) ও আসামী চৈতন্য চন্দ্র ওরফে চৈত্য মাহাতোর বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা সোনাকান্দর গ্রামে। তারা উভয়ে প্রতিবেশি। চৈত্য মাহাতো বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে প্রায়ই প্রেম নিবেদন ও কুপ্রস্তাব দিয়ে আসছিলো। বিষয়টি জানার পর শিশুটির মামা নরেশ চন্দ্র মাহাতো আসামী চৈত্য মাহাতোকে শ^াসন করলে সে শিশুটিকে ক্ষতি করার চেষ্টা করে।
২০২২ সালের ৭ জানুয়ারী দুপুরে শিশুটির বাড়িতে কেউ না থাকার সুযোগে চৈত্য মাহাতো তার বাড়ি ভিতর প্রবেশ করে। তিনি জোর পূর্বক শিশুকে ঘরের মধ্যে নিয়ে ধর্ষন করেন। এঘটনায় শিশুটির মামা নরেশ চন্দ্র মাহাতো বাদী হয়ে চৈত্য মাহাতোকে আসামী করে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত চৈতন্য চন্দ্র ওরফে চৈত্য মাহাতোকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।