
শরীফুল ইসলাম ইন্না
বিস্ফোরক দ্রব্য ও হত্যা চেষ্টা মামলায়
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য ডাক্তার আবদুল আজিজকে ১ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ বুধবার দুপুরে আব্দুল আজিজকে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে তাড়াশ আমলী আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি শেষে বিচারক ওবায়দুল হক রুমি এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অতিরিক্ত পিপি মো: হুমায়ুন কবীর ও জিআরও শিউলী খাতুন এতথ্য নিশ্চিত করে বলেন,
পুলিশ আজ দুপুরে আব্দুল আজিজকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাড়াশে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, এবং হত্যাচেষ্টার অভিযোগে বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ কে প্রধান আসামি করে মামলা করেন। হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে করা এ মামলায় আব্দুল আজিজসহ আওয়ামী লীগের নেতা–কর্মীদের আসামি করা হয়।
শিশু হাসপাতালের সাবেক চিকিৎসক আব্দুল আজিজ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া তিনি পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ঢাকা শিশু হাসপাতাল শাখার সভাপতি। এর আগে তিনি দীর্ঘদিন ওই হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
এর আগে র্যাব-২–এর একটি দল গত ৩ ফেব্রুয়ারী রাতে ঢাকার কলাবাগান থেকে আবদুল আজিজকে গ্রেপ্তার করে। পরে র্যাব-১২–এর মাধ্যমে তাঁকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়।