
সাব্বির মির্জাঃ
সিরাজগঞ্জে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ ২৮ কেজি জাটকা, ৩৫ কেজি আফ্রিকান মাগুর ও ১২২ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পোড়াবাড়ি হাটে উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন অভিযান পরিচালনা করে ১৮৫ কেজি মাছ জব্দ করেন।
সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিযান চলাকালে বিক্রি নিষিদ্ধ পাঁচ মাছ ব্যবসায়ীকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে ছেড়া দেওয়া হয়। পরে জব্দ করা মাছগুলো স্থানীয় তিনটি এতিমখানায় বন্টন করে দেওয়া হয়েছে।
এসময় সিরাজগঞ্জ নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।