সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক:
থানা ক্যাম্পাসে বিএনপি নেতাকে মারধোর ও চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের দলীয় সকল পদ ও রাজনৈতিক কর্মকান্ড স্থগিত করা হয়েছে।
শনিবার (৮ আগষ্ট) জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা যায়। পত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, উল্লাপাড়া থানা কম্পাউন্ডে এক বিএনপি নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে দুটি মামলা হওয়ার কারণে আজাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। ওই নোটিশে আজাদ হোসেনের লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সকল দলীয় পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত ঘোষণা করা হয়েছে।
আজাদ হোসেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব। তিনি সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন চেয়ে বঞ্চিত হন। বর্তমানে নিজেকে উল্লাপাড়া পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা করে প্রচার চালিয়ে যাচ্ছেন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জানান, দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে তাকে শোকজ করা হয়েছিল। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে তার সকল পদ ও রাজনৈতিক কর্মকান্ড স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, থানা ক্যাম্পাসে মারধরের অভিযোগ এনে গত ২৬ জুলাই আজাদ হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার। একই দিনে ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে আলমগীর হোসেন বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেন। এ দুটো মামলায় আজাদ হোসেনসহ বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে আজাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা বিএনপি।
এ বিষয়ে আজাদ হোসেনের মোবাইলে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।