সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক:
সিরাজগঞ্জের কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলাম–কে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী জনস্বার্থে রবিউল ইসলামকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সকল সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
বিষয়টি নিশ্চিত করে এএসপি রবিউল ইসলাম বলেন, বাধ্যতামূলক অবসরের আদেশ সম্পর্কে তিনি অবগত রয়েছেন। তবে চাকরিজীবনের বিভিন্ন কর্মস্থল বা অবসর প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
সরকারি প্রজ্ঞাপনে বাধ্যতামূলক অবসরের কারণ হিসেবে কেবল ‘জনস্বার্থ’ উল্লেখ করা হয়েছে; এর বাইরে কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি।