জহুরুল ইসলাম:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল এলাকা থেকে নিখোঁজের তিন দিন পরও সন্ধান মেলেনি বেলকুচি উপজেলার ৭৪ বছর বয়সী শংকর মিত্রের। স্বজনদের দাবি, বয়সজনিত কারণে মাঝে মাঝে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। ফলে তাকে নিয়ে উদ্বেগ আরও বেড়েছে পরিবারের।
শংকর মিত্র সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মুকুন্দগাঁতী গ্রামের মৃত গৌর মিত্রের ছেলে। তিনি পেশায় শ্রমিক হিসেবে বিভিন্ন বাজারে পণ্য পরিবহনের কাজ করতেন এবং নিঃসন্তান।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট বিকেল ৩টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল এলাকায় শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি শংকর মিত্র। এরপর স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
নিখোঁজ শংকর মিত্রের ভাগ্নে রাজীব চন্দ্র ভৌমিক জানান, তার মামার মাঝে মাঝে স্মৃতিশক্তি লোপ পায়। এমনকি কখনো কখনো তিনি পরিচিত আত্মীয়-স্বজনকেও চিনতে পারেন না। এ কারণে নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সবাই চরম দুশ্চিন্তায় রয়েছেন।
এ ঘটনায় শংকর মিত্রের ভাগ্নে রাজীব চন্দ্র ভৌমিক ২৪ আগস্ট ভূঞাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৯৯৫, তারিখ ২৪-০৮-২০২৬।
পরিবার ও স্বজনরা জানিয়েছেন, শংকর মিত্রের সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ চলছে। তবে এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি শংকর মিত্রকে কোথাও দেখতে পেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে।
যোগাযোগ:
রাজীব চন্দ্র ভৌমিক (ভাগ্নে)
📞 ০১৭৬৬০২২৩২৮
পরিবারের প্রত্যাশা, কোনো সহৃদয় মানুষের সহযোগিতায় দ্রুতই প্রিয় স্বজন শংকর মিত্রকে খুঁজে পাওয়া যাবে।