সিরাজগঞ্জ প্রতিনিধি:
আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চকে সামনে রেখে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে পথসভা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেছেন ১১ দলীয় ঐক্যের নেতারা।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে হাটিকুমরুল গোলচত্বরে পথসভা আয়োজনের বিষয়টি অবহিত করেন নেতারা। পরে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সঙ্গে সাক্ষাৎ করে কর্মসূচির নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন তারা।
জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহিনুর আলম জানান, আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে। লংমার্চকে স্বাগত জানিয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে নাটোর-বগুড়া ফ্লাইওভারের এখনো যান চলাচলের জন্য চালু না হওয়া সংযোগ সড়কে পথসভা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, পথসভা আয়োজনের বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়েছে।
১১ দলীয় ঐক্য সূত্রে জানা গেছে, ছয় দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে এ লংমার্চ অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
লংমার্চ সফল করতে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে প্রস্তুতিমূলক কর্মসূচি ও গণসংযোগ চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জেও লংমার্চকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহিনুর আলম, সেক্রেটারি মুহাম্মাদ জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শহীদুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।