
কামারখন্দ,প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দের থানা পুলিশ কর্মস্থলে ফেরায় ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে উপজেলা শাখার বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।
বুধবার বিকেলে কামারখন্দ থানার গোল ঘরে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ও থানার পুলিশ সদস্যদের মিষ্টি মুখ করান।
এর আগে কামারখন্দ থানার বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীদের সাথে আলোচনা করেন কামারখন্দ থানার ওসি।
এসময় কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম বলেন, আমরা পুলিশেরাও বৈষম্যের শিকার। এজন্য আমরা ১১ দফা দাবি নিয়ে কর্ম বিরতি দিয়েছিলাম।
জামায়াতে উদ্দেশ্যে ওসি বলেন, সিনিয়র অফিসারের নির্দেশে দু-একজনের বাড়িতে গিয়েছিলাম। দু-একজনকে গ্রেপ্তারও করতে হয়েছে। এটা আসলে ইচ্ছে করে করিনি। এজন্য আপনারা আমাদের প্রতি ক্ষোভ রাখবেন না।
শিক্ষার্থীরা আন্দোলন করে সরকারের পতন করেছে।দেশ নতুনভাবে সংস্কার করছে। আশা করি পুলিশও আপনাদের পাশে থাকবে জনগণের পাশে থেকেই কাজ করে যাবে।
তিনি আরও বলেন, একমাত্র জামায়াত ইসলামী পারে দেশ থেকে মাদক, ইভটিজিং, জুয়া দূর করতে। এটা অন্য কোন দল করতে পারবে না। এজন্য আপনাদেরকে সাথে নিয়েই আমরা কাজ করব। আপনারা পুলিশকে সাহায্য করুন। আমরাও আপনাদেরকে আইনের মাধ্যমে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করব।
জামায়াত ইসলামীর নায়েবে আমীর আতাউর রহমান বলেন,বাংলাদেশ জামায়াত ইসলামী একটি আদর্শিক দল। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদেরকে মাদক,জুয়া ইভটিজিংসহ কোন অনৈতিক কর্মকাণ্ডের সাথে পাবেন না। রাজনৈতিক মামলা দিয়ে তাদেরকে হয়রানি করানো হয়। আমরা এটা বিশ্বাস করি। আল্লাহ কাছে আবার ফিরে যেতে হবে। আপনারা আমাদের কাছে সাহায্য চেয়েছেন। ন্যায় কাজে আমাদেরকে অবশ্যই পাবেন।
এসময় উপস্থিত ছিলেন, কামারখন্দের জামায়াতে ইসলামীর আমীর ইউসুফ আলী, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নাইম আহমেদ, জামতৈল ইউনিয়নের সভাপতি নুরে আলম প্রমুখ।