
শরীফুল ইসলাম ইন্না
সিরাজগঞ্জের কাজীপুরে চোরাই মোটরসাইকেল সহ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় হেলাল উদ্দিন নামে আরো এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় একটি বাজাজ ডিসকভার মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা রেজাউল করিম রতন (৩৮) কাজীপুর উপজেলার মনসুরনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক। হেলাল উদ্দিন (৩৫) কাজীপুর উপজেলার উত্তর ছালাল গ্রামের রইচ উদ্দিনের ছেলে।
আজ রোববার রাতে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে মোটরসাইকেল চুরির ঘটনায় মনসুরনগর ইউনিয়ন ছাত্রলীগ কমিটির কার্যক্রম স্থগিত করেছে কাজীপুর উপজেলা ছাত্রলীগ। কাজীপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সায়েম তালুকদার এতথ্য নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চুরির ঘটনার সাথে ছাত্রলীগ নেতা রেজাউল করিম রতন জড়িত আছে কি না তা নিশ্চিত হতে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন কে আহবায়ক করে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
কাজীপুর থানার ওসি শহিদুল ইসলাম ও নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, গ্রেপ্তারকৃতরা চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় চক্রের সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে কাজীপুর থানার নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ টিম গতকাল শনিবার বেলা ১১টার দিকে মনসুরনগর ইউনিয়নের মাজনাবাড়ী গ্রামের মনির হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় রেজাউল করিম রতন ও হেলাল উদ্দিনকে গ্রেপ্তার ও ১১০ সিসি লাল কালো রংয়ের বাজাজ ডিসকভার মোটর সাইকেল জব্দ করা হয়। পরে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। অভিযান চলাকালে মনির হোসেন বাড়িতে ছিলেন না। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।