
শরীফুল ইসলাম ইন্না
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাঁচটি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে সিরাজগঞ্জ র্যাব-১২এর অধিনায়কের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর থানার আকনাদিঘি গ্রামের শফিকুল ইসলামের ছেলে মোঃ রুবেল ও উল্লাপাড়া উপজেলার পাগলা গ্রামের রতন আলী সরকারের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ১৫ ফেব্রুয়ারী বিকেলে র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাগলা গ্রামে অভিযান চালায়। এসময় বিভিন্ন ব্যান্ডের চোরাইকৃত পাঁচটি মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের দুই সক্রিয় সদস্য রুবেল ও জাহাঙ্গীর কে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায় তারা পরস্পর যোগসাজসে সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্যান্ডের মোটরসাইকেল কৌশলে চুরি করে। পরবর্তীতে তারা মোটর সাইকেলের পেছনের নম্বর প্লেট পরিবর্তন করে নিজেরা ভুয়া নম্বর প্লেট লাগিয়ে সাধারণ জনগণের কাছে অল্প দামে বিক্রয় করতো। এঘটনায় উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।